বিনোদন : বিয়ের পিঁড়িতে এখনো বসেননি তুষার কাপুর। কিন্তু পুত্রসন্তানের বাবা হয়ে গেছেন তিনি! কৃত্রিম উপায়ে (আইভিএফ পদ্ধতিতে) বাবা হয়েছেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা। বলিউডের এই নায়ক না-কি সবসময় তার বন্ধুদের সঙ্গে আলোচনা করতেন ৪০ বছরের আগে সন্তান দত্তক নেবেন অথবা সারোগেসি উপায়ে বাবা হবেন।
জানা গেছে, ভারতীয় চিকিৎসক ফিরুজা পারিখের নেতৃত্বে একটি চিকিৎসক দল আইভিএফ বা কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম দেন তুষার কাপুরের প্রথম সন্তান। সন্তানের নামও ঠিক করে ফেলেছেন বাবা তুষার কাপুর। নাম দিয়েছেন লক্ষ্য।
এদিকে নিজেদের পরিবারের প্রথম নাতি পেয়ে বেশ খুশি তুষারের বাবা বলিউড তারকা জিতেন্দ্র কাপুর ও মা শোভা কাপুর। এক সংবাদ বিবৃতিতে এই তারকা দম্পতি জানান, লক্ষ্যের দাদা-দাদি হতে পেরে আমরা বেজায় খুশি। তুষারের এই সিদ্ধান্তের প্রতি আমাদের সবসময়ই সমর্থন ছিল। তুষার প্রমাণ করলো সে কতোটা দয়াবান এবং দায়িত্বশীল। লক্ষ্যের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের কাম্য। চিকিৎসকরাও বাবা তুষারকে অভিনন্দন জানিয়েছেন।

Comments are closed.