আজ মেগা বাজেট পাস হচ্ছে

ঢাকা : জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস হবে আজ। ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৩ লাখ ৪০ হাজার ৬০০ কোটি টাকার বাজেট পেশ করেন। যেখানে ঘাটতির পরিমাণ ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। জানা গেছে, আজকে বাজেট পাস করার আগে মন্ত্রণালয়ভিত্তিক মঞ্জুরি ও দাবি পেশ করা হবে। একই সঙ্গে ছাঁটাই প্রস্তাব উপস্থাপন করা হবে। ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার প্রেক্ষিতে তা কণ্ঠভোটে বাতিল করা হবে। মন্ত্রণালয়ভিত্তিক মঞ্জুরি ও দাবির প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থাপন করবেন। আর এই সব মঞ্জুরি রাষ্ট্রপতির অনুকূলে বরাদ্দ দেয়া হবে।

প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের দাবি মঞ্জুরি কণ্ঠভোটে পাস হবে। তবে কোনো বাজেটে যে পরিমাণ অর্থ দেখানো হয়েছে বাজেট পাসের পর তার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কারণ আইএমএফ ঋণসহ আরো অনেক বিষয় বাজেট পেশ করার সময় দেখানো হয়নি। কিন্তু বাজেট পাসের ক্ষেত্রে তা দেখানোর বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে অর্থমন্ত্রী গত ২ জুন বাজেট পেশ করার পর সিপিডিসহ বিভিন্ন বাণিজ্য সংগঠন তাদের মতামত পেশ করে। এমনকি, অনেক অ্যাসোসিয়েশন বাজেট পেশ করার পর অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে বেশকিছু প্রস্তাব দেন। এমনকি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই অভিযোগ করেছে, তাদের প্রস্তাবনার ৯০ শতাংশ বাজেটে প্রতিফলিত হয়নি। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তার বক্তব্যে অর্থমন্ত্রীর কাছে বেশকিছু সংশোধনের প্রস্তাব রাখেন। এই প্রস্তাবে অর্থমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর প্রস্তাব তার জন্য একটি অনুশাসন। যে কারণে রফতানিকারকদের তৈরি পোশাকসহ সব ধরনের পণ্যে রফতানিমূল্যের উৎসে কর ১ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনার ভাড়ার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বাজেট পাসের পর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের হিসাবের জন্য ১ জুলাই থেকে নতুন পথে যাত্রা শুরু করবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.