মানুষ হত্যাকারীরা মুসলমান নয় : জয়

ঢাকা : রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে মানুষকে জিম্মি করে হত্যাকারীরা মুসলমান নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ (৪ জুন) সোমবার ভোররাতে তার ফেসবুকের ভেরিফাইড পেজে দেয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

জয় লেখেন, ভাবতে চেষ্টা করছিলাম কি লিখব, কিন্তু কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। এটি ভয়ানক, বর্বরোচিত হামলা। এই হত্যাকারীরা মুসলমান নয়। সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। হত্যার শিকার ব্যক্তিদের, বিশেষ করে, যে পুলিশ কর্মকর্তাগণ সন্ত্রাসীদের থামাতে গিয়ে নিজেদের প্রাণদান করেছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

তিনি বলেন, গত তিন বছরে ব্লগার ও বিদেশিদের উপরে হামলায় অংশগ্রহণকারী প্রায় সকল খুনিকে আমরা গ্রেফতার করেছি। আমাদের সরকারের গত সাত বছরে প্রায় প্রতি মাসেই অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছি। এমন প্রতিটি উদ্ধারে ব্যর্থতায় আজকের এই হামলার মতো কোন হামলা হতো। সরকারকে ধন্যবাদ যে, এরকম হয়নি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, কেউই শতকরা ১০০ ভাগ সফল হতে পারে না। এই একবার আমরা ব্যর্থ হয়েছি। আমাদের চেয়ে আরো অনেক বেশি সক্ষমতা আছে, এমন অনেক ধনী দেশেও এমন সন্ত্রাসী আক্রমণ হয়েছে।

বাস্তবতা এটি যে, এই সন্ত্রাসীরা শিক্ষিত মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। এমন আরও অনেক আছে। এরা আপনার প্রতিবেশী হতে পারে, আত্মীয় হতে পারে, ছেলে হতে পারে। আমাদের দেশকে নিরাপদ রাখবার জন্য আমাদের প্রত্যেককে সতর্ক প্রহরার দায়িত্ব নিতে হবে। ধর্মের নামে মিথ্যে বলে আমাদের যুব সমাজের মগজ ধোলাই এর প্রক্রিয়াকে প্রতিহত করা অন্য যে কোন কিছুর চেয়ে জরুরি। একাজে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.