নিজস্ব প্রতিবেদক : সিএনজি চালক হত্যার ঘটনায় দুই ছিনতাইকারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দু’জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাঁসির দণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন- মিরসরাই উপজেলার উত্তর হাজী সরাই গ্রামের লেদু মিয়ার বাড়ির কামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ওরফে শহীদ এবং একই উপজেলার মধ্যম সোনাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ ওরফে শহীদ।
কারা সূত্র জানায়, একই মঞ্চে দুই খুনির ফাঁসি রায় কার্যকর করতে কারা কর্তৃপক্ষকে সহযোগিতা করেন জল্লাদ আব্দুল হান্নানের নেতৃত্বে পাঁচ জল্লাদ। তাদের জম টুপি পরিয়ে হাত-পা বেঁধে পাশাপাশি ফাঁসির মঞ্চে গলায় দড়ি লাগিয়ে দেন এই পাঁচ জল্লাদ। ফাঁসি কার্যকরের আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় দুই অভিযুক্তকে তওবা পড়ান চট্টগ্রাম কেন্দ্রীয় কারা মসজিদের পেশ ইমাম মো. ইলিয়াছ আজম। এর আগে তাদের দুজনকে গোসল করানোর পাশাপাশি রাতের খাবার পরিবেশন করা হয়। পরিবারের সদস্যদের সাথে শেষ সাক্ষাতেরও সুযোগ দেয়া হয়।
ফাসিঁ কার্যকরের সময় চট্টগ্রাম কারাগারে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন আহমেদ, ডিআইজি প্রিজন অসীম কান্তি পাল, জেল সুপার ইকবাল কবির চৌধুরী, জেলার মাহবুবুল ইসলাম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাঁসির রায় কার্যকর করতে সন্ধ্যার পর থেকে কারা এলাকায় নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কারাফটকের সামনে মোতায়ন করা হয় অতিরিক্ত পুলিশ। কারাগারের আশপাশে পুলিশি টহল জোরদার করা হয়। রাত ১০টার পর থেকে কারাগারের মূল ফটকের সামনে কাউকে অবস্থান করতে দেয়া হয়নি।
কারা সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২০ মে রাতে মিরসরাই উপজেলা সদর থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে তিনজন ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এলাকায় যান। সেখানকার একটি নির্জন স্থানে চালক আজিজকে খুন করে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান দণ্ডিত তিন আসামি।

Comments are closed.