ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১তম আসেম শীর্ষ সম্মেলনে যোগদানে বৃহস্পতিবার উলানবাটরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাস নির্মূলে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাগুলো নিয়ে আলোচনা করবে। আগামী ১৫ ও ১৬ জুলাই মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে এশিয়া-ইউরোপ বৈঠক (আসেম) অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, গুলশান এবং শোলাকিয়া ঈদগাহের কাছে সন্ত্রাসী হামলার ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তাই বৈঠকের আলোচনায় এসব বিষয় স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনে যোগদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করবেন।
সফরকালে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, জার্মানির চ্যাঞ্জেলর, মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট, মায়ানমারের প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট এবং ভারতের উপ-রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে। এছাড়া ইটালির পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
শুক্রবার সকালে শীর্ষ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বৃহত্তর যোগাযোগে আসেম অংশীদারিত্বের বিকাশ’ শীর্ষক ভাষণ দেবেন। শুক্রবার সকালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট সম্মেলন উদ্বোধন করবেন। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Comments are closed.