চট্টগ্রামে হিমু হত্যা মামলার রায় ২৮ জুলাই

চট্টগ্রাম : কুকুর লেলিয়ে চাঞ্চল্যকর হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলার রায় আগামী ২৮ জুলাই ঘোষণা করা হবে। আজ (১৬ জুলাই) শনিবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম মাণিক রায় ঘোষণার তারিখ ধার্য করেন।

চট্টগ্রাম অতিরিক্ত মহানগর পিপি অনুপম চক্রবর্তী জানান, এছাড়া হিমু হত্যা মামলায় জামিনে থাকা দুই আসামি শাহ সেলিম টিপু ও শাহাদাৎ হোসাইন সাজুকে আদালতের নিদের্শে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। অন্যান্য আসামিদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি আগে থেকেই কারাগারে আছেন। বাকী দুই আসামি জুনায়েদ আহমেদ রিয়াদ ও জাহিদুল ইসলাম শাওন পলাতক আছেন। এদের মধ্যে রিয়াদ শুরুতে কারাগারে থাকলেও পরে পলাতক হন। আর শাওন শুরু থেকেই পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, নগরীর পাঁচলাইশ এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ফরহাদ ম্যানশন নামে একটি বাড়িতে হিমাদ্রী মজুমদার হিমুকে কুকুর লেলিয়ে দিয়ে নির্মম নির্যাতন করে ছাদ থেকে ফেলে দেয় কয়েকজন যুবক। এ ঘটনার ২৬ দিন পর ঢাকার একটি হাসপাতালে হিমু মারা যান। হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ইংরেজি মাধ্যমের স্কুলের এ লেভেলের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় হিমুর মামা প্রকাশ দাস বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। আসামিরা হলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ এবং রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি এবং জাহিদুল ইসলাম শাওন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.