আন্তর্জাতিক : সিরিয়ার আলেপ্পো শহরে বিমান হামলায় শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এমনটাই বলছে। রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পূর্বাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় সিরিয়া বা রাশিয়ার বিমান এই হামলা চালিয়েছে বলে বলা হচ্ছে। আলেপ্পোতে অবস্থান করা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, শহরের একাধিক এলাকায় ব্যারল–বোমা ফেলা হয়েছে।একটি হাসপাতালেও বোমা আঘাত হেনেছে। এতে হাসপাতালের কিছু কর্মী ও রোগী আহত হয়েছেন। এক চিকিৎসক এএফপিকে বলেছেন, বোমা হামলায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে হাসপাতালটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
২০১২ সাল থেকে শহরটির নিয়ন্ত্রণ দুটি পক্ষের হাতে চলে যায়। সরকারপক্ষ শহরের পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে। আর বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে পূর্বাঞ্চল। সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিমান হামলার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কোণঠাসা করে ফেলে।

Comments are closed.