ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ (১৮ জুলাই) সোমবার ভোর তিনটার দিকে উপজেলার টানমান্দাইল লোহার ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত সাইফুল ৫ ডাকাতি মামলার আসামি। তিনি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। এ ঘটনায় নয়ন ও হান্নান নামে আখাউড়া থানা পুলিশের দুই কনস্টেবলও আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে উপজেলার টানমান্দাইল লোহার ব্রিজের সামনে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ডাকত সদস্য সাইফুল মারা যান। তবে বাকি ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চাপাতি, ছোরা ও রামদা উদ্ধার করা হয়েছে।

Comments are closed.