ঢাকা : চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের আড়ালে তরল কোকেন আনার মামলায় আমদানিকারক প্রতিষ্ঠানের চেয়ারম্যান নূর মোহাম্মদের জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে তার জামিন বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
আজ (১৮ জুলাই) সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে নূর মোহাম্মদের পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ২০ জুন নূর মোহাম্মদকে হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্থগিত করে আদেশ দেন। একইসঙ্গে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
তরল কোকেন সন্দেহে গত বছরের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ২৭ জুন শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, কেমিক্যাল পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে। একই বছরের ২৮ জুন নগরীর বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও সোহেলকে আসামি করে মামলা করে।
র্যাব ৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জানুয়ারি অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে।

Comments are closed.