চট্টগ্রাম: নিজামীর গায়েবানা জানাযার সময় নগরীর চকবাজার প্যারেড মাঠে গুলি বর্ষণ ও আতঙ্ক সৃষ্টির ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর রিমাণ্ড নামঞ্জুর করেছেন আদালত। আদালত তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের বিষয়ে আদেশ দেন। আজ (১৯ জুলাই) মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম নাজমুল হোসেন এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, বিস্ফোরক মামলায় সংবিদ্ধ আসামি হিসেবে আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানায় চকবাজার থানা পুলিশ।
গত ১১ মে একাত্তরের আলবদর কমান্ডার ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযা ঠেকাতে নগরীর চকবাজার প্যারেড মাঠে অবস্থান নেয় ছাত্রলীগ। এসময় ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে জামায়াত কর্মীরা। তারপর ফাঁকা গুলি বর্ষণ করে ছাত্রলীগ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ফলে মুহূর্তের মধ্যেই প্যারেড মাঠের আশেপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। প্যারেড মাঠ এলাকায় আতঙ্ক বিরাজ করে। এ ঘটনায় বিস্ফোরক আইনে চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।

Comments are closed.