আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয় ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে দলীয় সম্মেলনে প্রেসিডেন্ট পদে এই ধনকুবেরের প্রার্থিতা নিশ্চিত হয়।

গত সোমবার থেকে ক্লিভল্যান্ডে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কুইকেন লোনস অ্যারেনায় ১৮ থেকে ২১ জুলাই চার দিনব্যাপী এ সম্মেলনের জন্য জড়ো হন সারা দেশের রিপাবলিকান নেতারা।

রিপাবলিকান সম্মেলনে প্রথম দিনেও প্রার্থী নিয়ে তুমুল বিতর্ক হয়। পরে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নই নিশ্চিত হয়। অবশ্য এর আগেই প্রাইমারিতে মনোনয়নের জন্য প্রয়োজনীয় এক হাজার ৫৪৩ ডেলিগেট নিশ্চিত করেন ট্রাম্প। এর পরও রিপাবলিকান দলের সম্মেলনে ট্রাম্প তুমুল বিরোধিতার শিকার হবেন বলে আশঙ্কা করা হয়েছিল।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, জাতীয় সম্মেলনে রিপাবলিকান দলের ভোটাভুটি প্রক্রিয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। সম্মেলনের সেক্রেটারি বলেন, ১৯টি ভোটই পাচ্ছেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসির রিপাবলিকান ডেলিগেট চিপ নটিংহ্যাম এর বিরোধিতা করেন। এ রকম কিছু বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত ট্রাম্পের মনোনয়নই নিশ্চিত হয়।

রিপাবলিকান দলের সম্মেলনের সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার হাউস স্পিকার পল রায়ান ও নিউ জার্সির গভর্নর ক্রিস স্টিস্টির বক্তৃতা করার কথা। আজ বুধবার বক্তৃতা করবেন ডোনাল্ড ট্রাম্প মনোনীত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আর শেষ দিন ডোনাল্ড ট্রাম্প নিজে বক্তৃতা করবেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.