খেলাধুলা : রিও অলিম্পিকে অংশগ্রহণকারী ফ্রান্স দলের প্রতিনিধিদের ওপর সন্ত্রাসী হামলার যে গুজব উঠেছিল তার কোন ভিত্তি নেই বলে নিশ্চিত করেছে ব্রাজিল সরকার।
অভিযোগ উঠেছিল যে রিওতে পর্যন্ত ফ্রান্সের ওপর আক্রমণ হতে পারে। কিন্তু মঙ্গলবার ব্রাজিলিয়ান সরকারের এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ব্রাজিলকে এক রিপোর্টের মাধ্যমে স্পষ্ট ভাবে ফরাসি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে রিও গেমসে ফরাসি প্রতিনিধি দলের ওপর ইসলামিক স্টেট গ্রুপের হামলার যে তথ্য পাওয়া গিয়েছিল তার কোন ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। ফ্রান্সের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্রাজিল প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছে।
এদিকে ব্রাজিল ইতোমধ্যেই জানিয়েছে নিসে গত বৃহস্পতিবার ট্রাক হামলায় ৮৪জনের প্রাণহানির পরে তারা অলিম্পিককে সামনে রেখে নিরাপত্তা আরো জোরদার করেছে। আগামী ২৪ জুলাই থেকেই বিভিন্ন স্তরে নিরাপত্তা কর্মীরা কাজ শুরু করবে। এ লক্ষ্যে অলিম্পিকে অংশগ্রহণকারী সাড়ে দশ হাজার ক্রীড়াবিদ, কর্মকর্তা ও সাংবাদিক ছাড়াও বিভিন্ন দেশ হতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রায় ৮৫ হাজার বিশেষ নিরাপত্তা বাহিনী পুরো ব্রাজিল জুড়ে মোতায়েন করা হয়েছে।
ব্রাজিলে এখন পর্যন্ত সন্ত্রাসী হামলার কোন নজির নেই। তাছাড়া সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে পরিচিত সিরিয়ার অবস্থানও ব্রাজিল থেকে অনেক দূরে। কিন্তু তারপরেও গেমসকে সামনে রেখে যেকোনো ধরনের অরাজক পরিস্থিতির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।
ইতোমধ্যেই ব্রাজিলিয়ান গোয়েন্দা সংস্থা এবিআইএন পৃথক কিছু বিবৃতিতে জানিয়েছে রিও গেমসে যেকোনো ধরনের হুমকি বিশেষ করে জঙ্গি সম্পৃক্ততা কঠোরভাবে পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। এএফপি।

Comments are closed.