চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রেফতার হওয়া আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় পাঁচদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (২০ জুলাই) বুধবার চট্টগ্রামের বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজা এ রিমাণ্ডের আদেশ দিয়েছেন। দ্বিতীয় দফা রিমাণ্ডে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার চারজনকে আদালতে হাজির করা হয়েছিল।
চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক এইচ এম মশিউর রহমান জানান, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমাণ্ডের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।
এর আগে সীতাকুণ্ড থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া একটি মামলায় চারজনকে প্রথম দফায় পাঁচদিন, অস্ত্র মামলায় দ্বিতীয় দফায় তিনদিন রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
গত ৮ জুলাই দিনভর অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

Comments are closed.