ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দরিদ্রদের জন্য কর্মসূচি টিআর ও কাবিখা-র বরাদ্দের ৮০ শতাংশই চুরি হয়ে যায়। যেখানে ৩০০ টন বরাদ্দ হলে ১৫০ টন যায় এমপির পকেটে। বাকি ১৫০ টনের সিংহভাগ যায় চেয়ারম্যান-মেম্বারদের পকেটে। আমরা চোখ বন্ধ করে এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছি। আজ (২৪ জুলাই) রোববার রাজধানীর শেরে বাংলা নগরে পিকেএসএফ ভবনে গ্লোবাল সিটিজেনস ফোরাম অন সাসটেইনেবল ডেভলপমেন্ট সামিট-২০১৬ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সব এমপিই হয়তো চুরি করেন না। কিন্তু বেশিরভাগ এমপিই এ কাজটি করেন। এ জন্য উন্নয়ন বাজেটের অর্থ সরাসরি ইউনিয়ন পরিষদের বাজেটে দেয়া উচিত। সুশাসন ও শান্তি না থাকলে প্রবৃদ্ধি করা কঠিন। পরিবেশের সাথে সমন্বয় করে উন্নয়ন নিশ্চত করতে হবে। এ মুহূর্তে দেশের জন্য দুটি চ্যালেঞ্জ, টেকসই ও অংশগ্রহণমূলক গণতন্ত্র।
তিনি আরো বলেন, জনগণের অংশগ্রহণমূলক গণতন্ত্র না থাকলে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব না। দারিদ্র হয়তো দূর হবে কিন্তু বৈষম্য থেকেই যাবে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মনজুরুল ইসলাম, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন প্রমুখ।

Comments are closed.