চট্টগ্রাম : নগরীর মতি ঝরণা ও বাটালি পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে দিতে শতাধিক বিদ্যুৎ ও পানি এবং ২৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শুরুর প্রথমদিন সোমবার এসব পদক্ষেপ নেওয়া হয়।
আগ্রাবাদ সদর সার্কেলের সহকারী কমিশনার মো. নোমান হোসাইন ও ভূমি সদর সার্কেলের সহকারী কমিশনার আছিয়া খাতুনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেওয়া সদর সার্কেলের সহকারী কমিশনার আছিয়া খাতুন জানান, পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের উচ্ছেদের প্রাথমিক ধাপ হিসেবে তাদের নাগরিক সুবিধাগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তিনি অভিযানে শতাধিক বিদ্যুৎ ও পানির সংযোগ এবং ২৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান।পাশাপাশি যারা এখানে বসবাস করছে তারা যেনো পুনরায় সংযোগ লাইন নিতে না পারেন সেজন্য নিয়মিত পর্যালোচনা করার কথা বলেন।
এদিকে হঠাৎ করে এরকম উদ্যোগ নেওয়ায় সেখানে দীর্ঘদিন ধরে বসবাসকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
তাদের অনেকেই বলেন, কোন ধরেণর নোটিশ ছাড়া বিদ্যুতের লাইন কেটে দেওয়া হলো। আমরা তো ঝুঁকি নিয়ে এখানে বসবাস করতে চাই না। কিন্তু প্রশাসন আমাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে নাগরিক সুবিধাগুলো থেকে বঞ্চিত করে দিল। এখন আমরা যাবো কোথায়?

Comments are closed.