মিটার বিহীন সিএনজি বিরুদ্ধে অভিযান

চট্টগ্রাম : অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে গত দুই দিনে প্রায় ১৭’শ মামলা করেছে ট্রাফিক পুলিশ ও বিআরটিএ। আর এর সুফলও মিলেছে হাতেনাতে। অভিযানের তৃতীয় দিনে মঙ্গলবার এসে মিটারে গাড়ি চালানোর হার ৮০ শতাংশে দাঁড়িয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সূত্র জানায়, সিএনজিচালিত অটোরিকশা মিটারে না চালানো এবং অবৈধ গাড়ি ধরার বিরুদ্ধে রোববার থেকে যৌথ অভিযানে নামে ট্রাফিক পুলিশ বিআরটিএ। এর মধ্যে প্রথমদিনই ৯৫০টি মামলা ও ৪০টি গাড়ি আটক করা হয়। এরপর সোমবার দ্বিতীয় দিনের অভিযানে ৭৫০টি মামলা ও ৩০টি গাড়ি আটক করা হয়। তবে মঙ্গলবারের অভিযানে ৮০ শতাংশ গাড়িই মিটারে চলতে দেখছে অভিযানে নেতৃত্ব দেওয়া ট্রাফিক পুলিশ ও বিআরটিএ’র কর্মকর্তারা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে নগরীর নিউমার্কেট মোড়ে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হচ্ছে।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান বলেন, মিটারে গাড়ি চালানো কার্যকর হওয়ার পরেও আমরা যাত্রীদের কাছ থেকে প্রায় সময় অভিযোগ পাচ্ছি চালকেরা মিটারে গাড়ি চালাচ্ছে না। এজন্য বিআরটিএ’র সঙ্গে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

মাসুদ উল হাসান আরও বলেন, শুধুমাত্র যেসব গাড়ি মিটারে চালাচ্ছে না সেসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নয়, আমরা অভিযানে মেট্রো এলাকায় যেসব গাড়ি চলতে পারবে না সেই গাড়ি গুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। তিনি মিটারে গাড়ি না চালালে পুলিশকে অভিযোগ জানাতে অনুরোধ করে বলেন, প্রতিটি সিএনজি অটোরিকশার গায়েই আমরা আমাদের কন্ট্রোল রুমের নম্বর, অভিযোগের নম্বর দিয়েছি। যাত্রীরা সেইসব নম্বরে ফোন করে তাদের অভিযোগ জানাতে পারবেন।

অভিযানে বিআরটিএ’র পক্ষে ছিলেন উপ পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, আমরা এখন পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নামলেও নিয়মিত আমাদের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.