ঢাকা : রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় নিহত ও আহত সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মিরপুর মডেল থানায় বুধবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা হয় বলে জানিয়েছেন ওসি ভূঁইয়া মাহবুব হোসেন। মিরপুর মডেল থানার এসআই আকলিমা আক্তার জানান, মামলায় অভিযানে নিহত নয়জন ও আহত একজনসহ অজ্ঞাতপরিচয় আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
পরিচয় প্রকাশ করা ওই সাতজন হলেন: ১) পটুয়াখালীর আবু হাকিম নাইম (২৪)। বাবা নুরুল ইসলাম। ২) দিনাজপুরের আব্দুল্লাহ (২৩)। বাবা মো. সোহরাব আলী। ৩) সাতক্ষীরার মতিউর রহমান। বাবা নাসির উদ্দিন সরদার। ৪) নোয়াখালীর জোবায়ের হোসেন (২২)। বাবা আবদুল কাইয়ুম। ৫) ঢাকার ধানমণ্ডির তাজ-উল-হক রাশিক (২৪)। বাবা রবিউল হক। ৬) ঢাকার বসুন্ধরার সেজাদ রউফ অর্ক (২৪) । বাবা তৌহিদ রউফ। ৭) ঢাকার গুলশানের আকিফুজ্জামান খান (২৪)। বাবা সাইফুজ্জামান খান।
গত মঙ্গলবার ভোরে কল্যাণপুরের তাজ মঞ্জিলে যৌথ বাহিনীর অভিযানে নয় ‘জঙ্গি’ নিহত হন। আহত হন একজন। নিহতদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, কল্যাণপুরে হতাহতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় করা মামার তদন্ত করবে পুলিশের বিশেষায়িত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

Comments are closed.