আন্তর্জাতিক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় কুর্দি শহরে বুধবার দুটি বোমা হামলায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
বুধবার বিস্ফোরক দ্রব্য বোঝাই একটি ট্রাক তুর্কি সীমান্তবর্তী কামিশি শহরের পশ্চিম প্রান্তে বিস্ফোরিত হয়। এর কয়েক মিনিট পর ওই একই এলাকায় বিস্ফোরক বোঝাই আরো একটি মোটর সাইকেল বিস্ফোরিত হয়। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলা দুটির দায় স্বীকার করেছে।
বুধবারের ওই হামলা সম্পর্কে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্তা অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানায়, স্থানীয় কুর্দি পুলিশকেন্দ্র এবং এক সরকারি ভবন লক্ষ্য করে হামলা দুটো চালান হয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছিল। অনেক স্বজনকে নিখোঁজ প্রিয়জনদের খোঁজে প্রতীক্ষা করতেও দেখা যায়।
গত কয়েক দিন আগে আলেপ্পো শহরে এ জাতীয় অন্য এক হামলায় ৫০ জনের বেশি প্রাণ হারিয়েছিল।
সিরিয়ায় গত ৫ বছর ধরে চলা যুদ্ধে ২ লাখ ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে আরো ৪৮ লাখ মানুষ। এছাড়া ঘরবাড়ি ছেড়ে সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে ঠাঁই নিয়েছে আরো ৬৫ লাখ মানুষ।

Comments are closed.