সিটিনিউজবিডিঃ মাইক্রোসফটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফাউন্ডারস অ্যাওয়ার্ড মাইক্রোসফটের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। এ বছর এক লাখ জনের মধ্যে ১৫জন ফাউন্ডারস অ্যাওয়ার্ড জিতেছেন। আর এবার এই সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ফাউন্ডারস অ্যাওয়ার্ড পেয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মাইক্রোসফটের বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির ১০ হাজার উদ্যমী কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এশিয়ার প্রশান্ত অঞ্চল থেকে সোনিয়া বশির কবিরকে মনোনিত করা হয়।
সুযোগ্য নেতৃত্ব, উদ্ভাবণ এবং ব্যবসায় উল্লেখযোগ্য অবদানের উপর ভিত্তি করে ফাউন্ডারস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে মাইক্রোসফট। ‘প্লাটিনাম ক্লাব আউটস্ট্যান্ডিং অ্যাচিভার’ জয়ীদের মধ্য থেকে ফাউন্ডারস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়। ফাউন্ডারস অ্যাওয়ার্ড জয়ীরা পেয়েছেন বিল গেটসের স্বাক্ষর করা একটি করে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি। মাইক্রোসফটে উল্লেখযোগ্য অবদান এবং সর্বোচ্চ পারদর্শীতার জন্য চলতি বছর মাইক্রোসফটের এক লাখ কর্মীর মধ্যে ২ শতাংশের কম কর্মকর্তা-কর্মচারী ফাউন্ডারস অ্যাওয়ার্ড পেয়েছেন।
সোনিয়া বশির কবির বলেন, ‘দুটি পুরস্কারে ভূষিত হওয়ায় আমি বিনীত এবং বিস্মিত। এ প্রাপ্তি আমার জন্য একটি বিশাল স্বীকৃতি এবং আমি অনেক বেশি আগ্রহী ও উচ্ছসিত বাংলাদেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করার ক্ষেত্রে। প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বিশ্বের সবাইকে উদ্যোমী করে তোলার কাজে নিজেকে নিয়োজিত করেছি আমি। মাইক্রোসফটের মতো বিশ্ব বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করার সময়গুলো আমার জন্য সত্যিই অসাধারণ।’
