আর্জেন্টিনাকে ২-০ গোলে হা​রিয়ে দিল পর্তুগাল

0

সিটিনিউজবিডি :  কোপা আমেরিকায় আর্জেন্টিনার ব্যর্থতার ক্ষতে নুন ছিটিয়েছিল ইউরোতে পর্তুগালের সাফল্য। লিওনেল মেসির কান্না দেখার কষ্টের চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সাফল্যমাখা হাসি দেখার যন্ত্রণা কি কম! মজার ব্যাপার হলো, এবারের অলিম্পিক ফুটবলে সেই পর্তুগালেরই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। আর তাতে দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়নকে ২-০ গোলে হারিয়ে দিল পর্তুগাল।অলিম্পিক ফুটবলের শুরুতেই ধাক্কা খেল লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। বৃহস্পতিবারের ম্যাচে স্বাগতিক ব্রাজিল অবশ্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করল ।

দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৬৬ মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন পাচিয়েনসিয়া। আর্জেন্টিনার বদলি খেলোয়াড় ক্রিস্টিয়ান পাভন ৭৪ মিনিটে গোলটা প্রায় শোধই করে দিয়েছিলেন। কিন্তু দারুণভাবে ঠেকিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক ভারেলা। ৮৪ মিনিটে ম্যাচে আর্জেন্টিনার ফিরে আসার সম্ভাবনা শেষ করে দেন পিতি। দ্বিতীয় গোলটা ছিল আর্জেন্টিনার দিক দিয়ে দৃষ্টিকটু। পিতির দূরপাল্লার শট অনায়াসে ঠেকানোর কথা ছিল গোলরক্ষক রুল্লির। উল্টো দুই পায়ের ফাঁক দিয়ে বল ঢুকে গেল জালে!

সিনিয়রদের ফুটবলে এই দুই দলের ঠিক উল্টো খেলাটাই হলো কাল। পর্তুগালই বেশি বলের দখল রাখল। আর্জেন্টিনা খেলল পাল্টা আক্রমণে। প্রথমার্ধে লড়াইটাও হয়েছে সমানে সমান। কিন্তু দ্বিতীয়ার্ধে পর্তুগালের নিখুঁত দুটি সুযোগ কাজে লাগানোতেই ছিটকে গেল আর্জেন্টিনা। গত ২০ বছরে এটিই অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার প্রথম পরাজয়। ২০০৪ ও ২০০৮ সালের চ্যাম্পিয়নরা ২০০০ ও ২০১২ অলিম্পিক ফুটবলে খেলেনি। ১৯৯৬ অলিম্পিক ফুটবলে সর্বশেষ হেরেছিল তারা।

সোমবার বাংলাদেশ সময় রাত তিনটায় আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচে না জিতলে কোপার হতাশার সঙ্গে অলিম্পিক ফুটবলের যন্ত্রণাও যোগ হয়ে যাবে!

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.