রাঙামাটির প্রত্যাশার সড়কে কাজ চলছে ধীরগতিতে

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটির পৌরসভার নিয়ন্ত্রণাধীন শহরের রিজার্ভ বাজার প্রধান সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে প্রায় দুই মাস আগে। এতে দীর্ঘ দিনপর হলেও রিজার্ভ বাজার সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় খুশির আমেজ দেখা দেয় রিজার্ভ বাজার এলাকাবাসি, রাঙামাটির বিভিন্ন উপজেলার সাথে পানি পথে লঞ্চযোগে নিয়মিত যাতায়াত করা যাত্রীসহ সিএনজি অটোরিক্স চালকদের মাঝে। কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ ধীর গতিতে চলায় অসন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।

ইতিমধ্যে শহীদ আব্দুল আলী একাডেমির সামনে থেকে চৌমুহনী চত্ত্বর পর্যন্ত প্রধান সড়কের পশ্চিমপাশ বর্ধিত করা হয়েছে। পূর্বপাশে একশত ফুটের মতো রাস্তা বর্ধিত করা হলেও ঈদুল ফিতরের কয়েকদিন আগে থেকে রাস্তা বর্ধিতকরণ কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। তারপর থেকে রাস্তা সংস্কার কাজ এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

অপরদিকে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন চৌমুহনী চত্ত্বর থেকে শুটকি পট্টি পর্যন্ত রাস্তা সংস্কার কাজের বেশির ভাগ অংশের রাস্তা বর্ধিতকরণ কাজ শেষ হয়েছে, চলছে রাস্তার মাঝ খানদিয়ে দুইপাশের নালার ময়লা নদীতে যাওয়ার সংযোগ নালা তৈরির কাজ। ঈদুল ফিতরের পর থেকে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ ও বন্ধ রয়েছে।

প্রধান সড়কের নানা স্থানে আগে থেকে সৃষ্টি হওয়া গর্তগুলোতে বর্ষার অল্প বৃষ্টিতেও পানি জমে পুরো সড়কে সৃষ্টি হচ্ছে কাঁদার। জনগণের চলাচলে দুর্ভোগ আগের চেয়ে কিছুটাও কমেনি বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসীর দাবি দ্রুত রাস্তার সংস্কার কাজ শেষ হলে, দীর্ঘদিনের এই দুর্ভোগের সমাপ্তি হবে।

তবে বর্ষার বৃষ্টির কারণে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটি পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান। তিনি জানান, বর্ষার বৃষ্টির জন্য আমরা আপাতত সব কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। বৃষ্টি কমে আসলে কার্পেটিংয়ের জন্য আমরা নির্দেশ দেবো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.