খেলাধুলা : ছুটি শেষে কাজে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেট কোচগণ। শুধু মাত্র যোগ দেননি সহকারী কোচ রুয়ান কালপাগে। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে নাকি এখনো শঙ্কিত এই শ্রীলঙ্কান! কালপাগেকে তাই বোর্ড আর বেশি সময় দিতে রাজি নয়। তাকে দ্রুত ফিরে আসার জন্য এর মধ্যেই ই–মেইল পাঠিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। কাল রাত পর্যন্ত সেই ই–মেইলের জবাব দেননি কালপাগে। তবে জাতীয় দলের কোচ হাথুরুসিংহে বলেছেন, তিনি (কালপাগে) বোর্ডের সঙ্গে কথা বলেছেন, আমিও যোগাযোগ করেছি। আশা করি দ্রুতই একটা সিদ্ধান্ত নেবেন।
জাতীয় দলের অনুশীলন পুরোপুরি শুরু হয়ে যাওয়ার পরও কালপাগের কাজে যোগ না দেয়া নিয়ে গুঞ্জন দিনে দিনে বাড়ছে। এমনও আলোচনা আছে যে তিনি সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের কোচ হওয়ার চেষ্টায় আছেন। সেটা হলে বিসিবিকে সরাসরি জানিয়ে দিলেই হয় যে বাংলাদেশে আর কাজ করবেন না। সেটা না করে কালপাগে তুলছেন নিরাপত্তার প্রশ্ন। অথচ বিদেশি কোচদের বাড়তি নিরাপত্তার জন্য বিসিবি সব রকম ব্যবস্থাই করেছে।
গত ১ জুলাই থেকে নবায়ন হয়েছে বিসিবির সঙ্গে কালপাগের চুক্তি। এরপর প্রায় দেড় মাস সময় পেরিয়ে গেলেও তাঁর আসার নামগন্ধ নেই।
