ঢাকা : লন্ডনে চিকিৎসাধীন কাটার মাস্টার খ্যাত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (১১ আগস্ট) বৃহস্পতিবার লন্ডনের সাউথ কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাঁধের অস্ত্রোপচারের আগে বাংলাদেশ সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করেন। টেলিফোনে প্রধানমন্ত্রী এই তরুণ ক্রিকেটারের চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত খোঁজ নেন এবং তাকে সাহস যোগান।
প্রধানমন্ত্রী মোস্তাফিজকে জানান, লন্ডনে অবস্থানরত বিসিবি’র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে তিনি তার চিকিৎসার বিষয়টি সার্বিকভাবে দেখাশোনার জন্য বলে দিয়েছেন। প্রধানমন্ত্রী মোস্তাফিজের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং দেশবাসীকে এ বাঁহাতি পেসারের জন্য বিশেষভাবে দোয়া করতে অনুরোধ জানিয়েছেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
