পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের সদস্য শাহ জামানকে (৩১) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। শাহ জামান ধোপাদহ ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য এবং উপজেলার পাইকোশাখালি গ্রামের মৃত আয়নাল ফকিরের ছেলে।
সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে তিনি কোন ওয়ার্ডের ইউপি সদস্য তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
