সিটিনিউজবিডি : বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে অসত্য কথা বলে বিএনপি জনগণের কাছে ক্ষমা পাবে না । বঙ্গবন্ধুর খুনিদের আপনারাই আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। এখনো দিচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আজ ২০ আগষ্ট শনিবার এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেছিলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান নন, আওয়ামী লীগের নেতারাই পুরোপুরি জড়িত।
বিএনপি মহাসচিবের এ মন্তব্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেছেন, এই ধরনের অসত্য কথা বলে মির্জা ফখরুলের দল।
আজ শনিবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে এক সংবাদ সম্মেলনে নাসিম এসব কথা বলেন।
বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিদের আপনারাই আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, এখনো দিচ্ছেন। জামায়াতের সঙ্গে আপনারাই জোট করেছেন। এখনো জঙ্গিদের জন্য মায়াকান্না করছেন। সুতরাং এ কথা বলে কোনো লাভ হবে না।
তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময়ে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয়। বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষা করতে খন্দকার মোশতাকের পাস করা ইনডেমনিটি বিল ধারণ করেছিলেন জিয়াউর রহমান, এরশাদ ও বেগম খালেদা জিয়া। শেখ হাসিনার আমলে ১৯৯৬ সালে এ হত্যা মামলার বিচারের কাজ নিম্ন আদালতে শেষ হয়েছিল। মামলার আপিল যখন উচ্চ আদালতে গেল, তখন ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত।
এদিকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার বিচার দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল মনে করে, ২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। দীর্ঘ দিন ধরে বিচার চলছে। বিচারের কাজ দ্রুত শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য আইনমন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
গ্রেনেড হামলার ঘটনা বিএনপি-জামায়াতের নির্দেশে হয়েছিল দাবি করে তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময়ে এ ঘটনার বিচার হওয়া তো দূরের কথা, কোনো ধরনের তদন্ত পর্যন্ত হয়নি। ওই সময় ক্ষমতায় থাকা খালেদা জিয়া ও হাওয়া ভবনের দুঃশাসনের কথা মানুষ ভুলে যায়নি। তাদের সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছিল।
২১ আগস্ট হামলায় নিহত ব্যক্তিদের প্রতি কাল রোববার বিকেলে কেন্দ্রীয় ১৪ দল শ্রদ্ধা জানাবে বলে সংবাদ সম্মেলনে জানান জোটের এই মুখপাত্র।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ১৪ দলের সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর মানিকগঞ্জ, ২৩ সেপ্টেম্বর গাইবান্ধা, ২৪ সেপ্টেম্বর জয়পুরহাট ও ২৫ সেপ্টেম্বর নওগাঁয় সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।
