কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের নেটংপাড়া এলাকা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নেটংপাড়া কেওড়া বাগান এলাকার খেতচার খাল থেকে পরিত্যক্ত অবস্থায় এই ইয়াবার চালান উদ্ধার করা হয়।
তবে এসময় কাউকে আটক করা যায়নি। বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে ওই এলাকায় বিজিবির টহলদল সন্দেহভাজন দুই যুবককে ধাওয়া করে। এ সময় ওই দুই যুবক ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক-২ লেফটেনেন্ট কর্নেল আবু জার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবার এই চালান মিয়ানমার থেকে পাচার হয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
