সিটিনিউজবিডি : আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিকেল ৫টায় ম্যাচটি মাঠে গড়াবে। সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন ।
র্যাকিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপের জন্য এবার আর প্রাক বাছাই খেলতে হয়নি বাংলাদেশকে। সরাসরি ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে লাল-সবুজের পতাকাবাহীরা। এই সুযোগটি কাজে লাগাতে পরিকল্পনা ও কর্মযজ্ঞ অনেকদিন ধরেই চলছে। সে অনুসারে কাজও হয়েছে। অনুশীলন ক্যাম্প। ফিটনেস ক্যাম্প। প্রস্তুতি ম্যাচ। বলতে গেলে বাদ যায়নি কোনোটাই। এসব কিছু এবার মাঠে প্রমাণ করার সুযোগ।
অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের কণ্ঠেও জয়ের প্রত্যয়, ‘আমাদের ঘরের মাঠে খেলা হবে। তাই ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে ৩ পয়েন্ট আদায় করে নেওয়া। ওরা শারীরিকভাবে শক্তিশালী। ইংলিশদের মতো পাওয়ার ফুটবল খেলে। লং পাসে বল দিয়ে থাকে। আমরা ছোট পাসে মাঠে বল রেখে খেলতে চাই।
কিরগিজস্তানের চেয়ে র্যাকিংয়ে অবশ্য বাংলাদেশ এগিয়ে। ফিফার্যাকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৬৬। অন্যদিকে কিরগিজস্তান রয়েছে ১৭৭তম স্থানে। তবে ফিটনেসের দিক দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে কিরগিজরা বেশ এগিয়ে।
২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল কিরগিজস্তান। সেই সুখস্মৃতি স্মরণ করিয়ে দিয়ে অধিনায়ক আজামত বৈমাতভ বলেন, ‘আমরা একই কন্ডিশনে ২০১০ সালে খেলেছিলাম। ওই ম্যাচে অবশ্য আমরা জিতেছিলাম। তবে বাংলাদেশ দলের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। ঘরের মাঠে তারা বেশ শক্তিশালী। আজকের ম্যাচটি যে আমাদের জন্য সহজ হবে না সেটা বুঝতে পারছি।’
