জয় আইসিটি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত

0

সিটিনিউজবিডি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’র জন্য মনোনীত হয়েছেন।

ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্লান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এই পুরস্কার প্রদান করবে।

সোমবার এ পুরস্কার সজীব ওয়াজেদ জয়ের হাতে তুলে দেয়া হবে। এ বছর থেকে শুরু হওয়া এই পুরস্কারটি পরবর্তীতে প্রতি বছরে একবার প্রদান করা হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে দেয়া তথ্যানুসারে, ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করায় তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

এ বছর পুরস্কারটি প্রদান করবেন বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডেভি। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের প্রথম বছরে আইসিটি ও প্রতিযোগিতামূলক টেকসই উন্নয়নের উপাদানগুলোকে গ্রহণের জন্য এই আয়োজন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ বিশ্বের উল্লেখযোগ্য নাগরিকরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

১৯৭১ সালে জন্ম নেয়া সজীব ওয়াজেদ জয় ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সদস্যপদ লাভ করেন। এর পাশাপাশি স্বেচ্ছাশ্রমে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যোগ দেন।

তরুণ এ রাজনীতিবিদের বাবা প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া এবং জয়ের নানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ভারতের পালানি হিলসের কডাইকানাল আন্তর্জাতিক স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন তথ্য-প্রযুক্তিবিদ জয়। কলেজ পাস করেন তামিলনাডুর সেন্ট জোসেফ কলেজে। ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি ডিগ্রি নেন কম্পিউটার সাইন্স, ফিজিক্স ও ম্যাথম্যাটিকস বিষয়ে।

পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফের বিএসসি ডিগ্রি লাভ করেন জয়। সর্বশেষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কেনেডি স্কুল অব গভর্নমেন্ট থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।

সজীব ওয়াজেদ জয় প্রথম বাংলাদেশী যিনি ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ‘ইয়াং গ্লোবাল লিডার’ অ্যাওয়ার্ড লাভ করেন আইটি বিশেষজ্ঞ হিসেবে। নিজ সমাজ ও পেশার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রতি বছর বিশ্বে ২৫০ জন তরুণ নেতৃত্বকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.