সিটিনিউজবিডি : নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়েসহ তিনজন মারা গেছেন। তারা হলেন- কৃষ্ণা ঘোষ (৩০) তার মেয়ে সায়ন্তী ঘোষ (৫) ও মাসুদ (৩৫)।
মঙ্গলবার বন্দরের শুভকরদি এলাকায় এ ঘটনা ঘটে।
বন্দর থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে মেয়ে সায়ন্তীকে নিয়ে পুকুরে গোসল করতে নামেন কৃষ্ণা ঘোষ। একই সময় পাশের বাড়ির মাসুদও গোসল করতে নামেন। এ সময় পুকুরের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনে মেরামত কাজ করছিলেন কয়েকজন শ্রমিক।
হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে যায় এবং পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মা ও মেয়েসহ তিনজন মারা যান।
