সিটিনিউজবিডি : ঈদুল আজহার আগে ও পরে গন্তব্যমুখি ২৬৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু সড়ক দুর্ঘটনায় মারা যান ২৪৮ জন।
ঈদযাত্রার ১২ দিনে সড়ক, রেল ও নৌ-পথে ২১০টি দুর্ঘটনায় এই নিহতের ঘটনা ঘটে।
এতে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছে ২২ জনেরও বেশি মানুষ।
এসময় আহত হয়েছেন প্রায় এক হাজার ১৫৩ জন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই তথ্য জানিয়েছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিবেদন-২০১৬’ প্রতিবেদন প্রকাশ করা হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এসময় বক্তব্য রাখেন।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো মহাসড়কে চালকরা গতিসীমা মেনে না চলা এবং অতিরিক্ত ট্রিপ।
প্রতিবেদনে ঈদ যাত্রা শুরুর দিন ৭ সেপ্টেম্বর থেকে ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার দিন ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই ১২ দিনের হতাহতের চিত্র তুলে ধরা হয়।
