অনলাইন ডেক্স : প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সিস্টেমের উন্নয়ন ঘটানো সরকারের জন্য ছিল সত্যিকার উদ্ভাবনা ও শিক্ষণীয় অভিজ্ঞতা।
মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন ইন স্কেলিং আপ ইনোভেশন ইন পাবলিক সার্ভিস ডেলিভারি’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, আট বছর আগে ‘ডিজিটাল বাংলাদেশ’র ধারণা নিয়ে আসার পর থেকে পরিকল্পনায় সুউচ্চ দৃষ্টি ও লক্ষ্য ছিল কীভাবে এটি অর্জন করা যাবে অথবা যাবে না।
জয় বলেন, সেবাসমূহ সহজ করা এবং ডিজিটাইজিং সার্ভিসের লক্ষ্য বাস্তবায়নে সরকার তখন নিজস্ব পদ্ধতি ও নিজস্ব উদ্ভাবন দাঁড় করানোর সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, ‘সার্বিক লক্ষ্য ছিল সরকারি সেবাসমূহ ডিজিটাইজ করা। মূল লক্ষ্য ছিল সেবাসমূহ থেকে কীভাবে নাগরিকদের লাভবান করা যায়।’
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, ‘কীভাবে আমরা নাগরিক জীবন গড়ে তুলতে পারি এবং সরকারের সেবাসমূহ সহজ, সাশ্রয়ী, কার্যকর এবং আর সহজতর করতে পারি তা এ পরিকল্পনায় ছিল।’
