শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়া থানা পুলিশ গত বুধবার রাতে কোটবাজার ষ্টেশন থেকে এক লক্ষ তিন হাজার টাকার জাল নোটসহ রাজাপালং ইউনিয়নের পুর্ব ডিগলিয়াপালং গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী খালেদা বেগম (৩০) কে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।
উখিয়া থানার উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা এসআই মাঈন উদ্দিন বলেন, ধৃত নারী উদ্ধারকৃত জাল নোট লেনদেন করার জন্য কোটবাজার অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তার কাছ থেকে উপরোল্লিখিত টাকার সমপরিমাণ ৫শ ও ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে।
সূত্রে জানা গেছে, একটি মাদক পাচারকারী সংঘবদ্ধ চক্র ১ লাখ ৩ হাজার টাকার জাল নোট দিয়ে মাদক ক্রয় করে আটককৃত মহিলার নিকট থেকে। ওই টাকা পাল্টে দেওয়ার কথা বলে সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র উখিয়া থানা পুলিশের সাথে যোগসূত্রে উক্ত মহিলাকে কোর্টবাজার নিয়ে এসে টাকা দেওয়ার কথা বলে আটক করে।
