মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি জেলায় নব দায়িত্ব প্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান জেলায় কর্মরত সকল সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার সকালে জেলা প্রশাসকের প্রথম কর্ম দিবসে তিনি সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোয়াজ্জেম হোসেন, স্থানীয় সরকার উপ পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশিল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান বলেন, এই জেলায় আমি আগেও কাজ করার সুযোগ পেয়েছি। তাই আশা করবো এই বারও সফলতার সাথে কাজ করতে সক্ষম হব। পার্বত্য এলাকায় রাঙামাটি হচ্ছে মূল কেন্দ্র। এছাড়া এই জেলায় বর্তমানে মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। সুতরাং এখানে এখন অনেক মানুষের আনাগোনা বাড়বে। এর সাথে এই এলাকার মানুষের অর্থনৈতিক চাকা গতিশীল হবে।
তিনি আরো বলেন, রাঙামাটিকে সুন্দর ও অসাম্প্রদায়িক এবং বন্ধুত্বপূর্ণ জেলায় রুপান্তর করতে চাইলে সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতায় আমরা প্রচেষ্টা করবো এই জেলাকে একটি সুন্দর রুপ দেওয়ার জন্য।
অত্র অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের উদ্দ্যেশে তিনি বলেন, এই এলাকার এমন অনেক স্থান আছে যেখানের মানুষরা এখনো শিক্ষার আলো পায় নি। এছাড়া শহরের জীবন ধারণের যে সুবিধা তা তারা উপভোগ করে নি। আমরা আশা করবো এই সরকারের যে উন্নয়নের গতি তা লক্ষ্য রেখে পিছিয়ে পরা জনগোষ্টিকে আলোর মূল দেখাতে সক্ষম হব।
