বাবর মুনাফ : বোয়ালখালী উপজেলায় মাত্রারিক্ত লোডশেডিংয়ে গ্রাহক ভোগান্তি চরমে পৌঁছেছে। এ লোডশেডিং চলবে আরো এক মাস – এমনটাই জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
পটিয়ার শিকলবাহা গ্রিডের পাওয়ার ট্রান্সফরমার নষ্ট হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী উপ-ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর দুপুরে শিকলবাহা গ্রিডে পাওয়ার ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যাওয়ায় আনোয়ারা শাহ আমিরপুর গ্রিড থেকে বিকল্প ব্যবস্থা বোয়ালখালী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এ স্টেশন থেকে আনোয়ারা ও পটিয়া বিদ্যুৎ সরবরাহ রয়েছে। ফলে বোয়ালখালী উপজেলার চাহিদা মোতাবেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বোয়ালখালীতে আংশিক লোড শেডিং করতে হচ্ছে বলে জানান তিনি।
শিকলবাহা গ্রিডের পাওয়ার ট্রান্সফরমার সচল করতে আরো একমাস সময় লাগতে পারে বলে জানান বোয়ালখালী উপ-ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন । তবে স্থানীয় সাংসদ মঈন উদ্দিন খান বাদল বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাদের নিয়ে কাজ করছেন বলে জানান তিনি।
