সিটিনিউজবিডি : বাংলা ১৪২২ সনের আষাঢ়ের প্রথম দিন সোমবার। প্রকৃতির আবর্তে বর্ষার ছন্দ নিয়ে এল আষাঢ়। দ্বিতীয় ঋতু বর্ষায় আষাঢ়-শ্রাবণ মাস থাকে কদম-কেয়ায় শিহরিত।
কাগজে-কলমে সোমবার শুরু হলেও গ্রীষ্মের তপ্ততা ও দাবাদাহ থেকে মুক্তি দিতে জলজ স্বস্তিতে বর্ষার আমেজ শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই।বর্ষার স্পর্শে সিক্ত প্রকৃতি যৌবন দীপ্ততায় বদলে যায়। শাণিত সবুজে মুগ্ধতার রেশ যেন ছড়িয়ে পড়ে বনে বনে।
এ দেশের মানুষের ভাব উস্কে দেওয়া ঋতু বর্ষা। সৃষ্টিশীল মানুষের উপর বর্ষার প্রভাব সবচেয়ে বেশী। সেই প্রাচীন কাল থেকেই কবি-সাহিত্যিক, গীতিকারসহ সৃজনশীল মানুষের সৃষ্টি ঐশ্বর্যে বর্ষা এসেছে নানান ঢঙ্গে।
আষাঢ়-শ্রাবণ মাসে দক্ষিণ-পশ্চিম দিক থেকে জলীয়বাষ্পবাহী মৌসুমী বায়ু দেশের আকাশে বিস্তার লাভ করায় প্রচুর বৃষ্টিপাত হয়।
