সিটিনিউজবিডি : অবশেষে মেলান্দহের ব্রহ্মপুত্র নদের উপর ডেফলা ঘাটের বহু প্রতীক্ষিত সেই ব্রিজটি নির্মাণ হয়েছে। এলজিইডি’র তত্ত্বাবধানে ৬৫০ মিটার দীর্ঘ ব্রিজের নির্মাণ খরচ হয়েছে ২০৪ কোটি টাকা। ২০১১ সালের ১২ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘একটি মাত্র ব্রিজের জন্য’ শীর্ষক সংবাদ প্রকাশের পর ব্রিজ নির্মাণের তত্পরতা শুরু হয়।
ব্রিজ নির্মাণের ফলে চরাঞ্চলের সীমাহীন কষ্ট দুর্ভোগ লাঘব হয়েছে। সেই সঙ্গে ব্রিজের অভাবে ফেরিতে পারাপারে জনদুর্ভোগ, নাজেহাল, তীক্ততা ও হয়রানি বন্ধ হয়েছে।
ডেফলা ঘাটে ব্রিজটি নির্মাণ হওয়ায় জামালপুর-শেরপুরসহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে। ইতোমধ্যেই ডেফলা ব্রিজ থেকে মেলান্দহ-শেরপুর পর্যন্ত রাস্তাটি বিশ্বরোডে উন্নীত করা হয়েছে। অবাধে ট্রাক-বাসসহ সব ধরনের যানবাহন চলাচল শুরু করেছে। পথচারী আর দর্শণার্থীদের পদচারণায় ব্রিজটি যেন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ব্রিজকে ঘিরে আমডাঙ্গা নামে একটি নতুন বাজারও গড়ে উঠেছে। বাজারটি নিত্যপণ্যের পাশাপাশি কৃষি, গবাদি পশুসহ বিভিন্ন পণ্য বেচা-কেনার আরেক সেতুবন্ধন সৃষ্টি করেছে। এ ছাড়াও চরাঞ্চলের সকল হাট-বাজারে দূরপাল্লার যান চলাচলের সুযোগ সৃষ্টি করেছে। যা স্বপ্ন থেকে বাস্তবে পরিণত করেছে।
এ দিকে ব্রিজকে ঘিরে বিশ্বরোড সংলগ্ন স্থানে ‘ডেফলা’ ব্রহ্মপুত্র পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি উঠেছে।
অপরদিকে ২০১৫ সালের ১৩ আগস্ট ‘মেলান্দহে সেতু নির্মাণ ঝুলে আছে আট বছর’ শীর্ষক সংবাদ প্রকাশের পর অবশেষে সেই সেতুর কাজও সম্পন্ন হয়েছে। গত ঈদুল আজহার দুদিন আগে ব্রিজের উপর দিয়ে দূরপাল্লার যান চলাচল শুরু করেছে।
