সিটিনিউজবিডি : সকল দলের পরামর্শ নিয়ে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া ও গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুব হোসেন বলেন, সকল দল বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শে ‘স্বাধীন নির্বাচন কমিশন’ গঠন করা উচিত। তা না হলে বাংলাদেশের জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ৫ জানুয়ারির মত নির্বাচন আর হতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এমএম খালিদ সাইফুল্লাহ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমান।
