অ‌্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুসহ নিহত ২

0

সিটিনিউজবিডি : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক শিশুসহ দুজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে ‘মানব সেবা’ নামে কোম্পানির অ‌্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠে গেলে হতাহতের এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ফাঁকা ওই অ‌্যাম্বুলেন্সটি তখন হাসপাতাল চত্বরে ঢুকছিল।

নিহত একজনের নাম সাকিব (৭), বাবার নাম ফেরদৌস, তার বাড়ি পটুয়াখালীর রাঙাবালির বাইজদা এলাকায়। অন্যজনের পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক ৪৫ বছর।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, খালি অ্যাম্বুলেন্সটি দ্রুতবেগে হাসপাতালে ঢুকে পুলিশ ফাঁড়ির সামনে একটি রিকশাকে ও কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়।

এতে মধ‌্যবয়সী ব‌্যক্তিটি ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর মৃত‌্যু ঘটে শিশুটির।

নিহত ব্যক্তিটি ফাঁড়ির সামনের রাস্তার পাশে বসে ভিক্ষা করতেন বলে স্থানীয়রা জানায়। শিশুটিসহ হতাহত অন‌্যরা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন।

এসআই বাচ্চু বলেন, ওই গাড়ীর ধাক্কায় সজিব (৮), গুলেনুর বেগম (২২), রমজান, সূর্যি বেগম (৩৫) নামে চারজন আহত হয়েছেন।

ওই অ্যাম্বুলেন্সের মালিক নাসির মিস্ত্রী বলে জানান এসআই বাচ্চু।

তিনি বলেন, ওই সময় নাসিরের সহকারী সোহেল গাড়ি চালাচ্ছিল। সোহেলকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.