মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করা একটি পোস্ট শেয়ার করায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিস সহকারি আহমদ উল্লাহকে রবিবার দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ । একই দিন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের গ্রেফতার হওয়া অফিস সহকারি আহমদ উল্লাহকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
রবিবার দুপুরে এক অফিস আদেশে সরকারি চাকুরি বিধি লংঘন করায় তাকে এই বহিষ্কার আদেশ দেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
আজ রবিবার রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকনউদ্দিন কবিরের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তার বিরুদ্ধে শুক্রবার দুপুরে রাঙামাটির কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছিলেন জেলা যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা।
অভিযোগ জানা গেছে,গত বৃহস্পতিবার নিজের ফেসবুক টাইমলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি যুগল ছবি বিকৃত করে দেয়া একটি পোস্ট শেয়ার করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার অফিস সহকারি আহমদ উল্লাহ। এরপরই তার ওই শেয়ার করা স্ট্যাটাসটি কপি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে সরব হয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ নেতারা।
এরপর শুক্রবার রাঙামাটির কোতয়ালি থানায় একটি মামলা করেন যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা। গত শুক্রবার বিকাল শুক্রবার বিকাল পৌনে চারটায় তাকে তার বাসভবন থেকে আটক করেছিলো পুলিশ।
