অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে বৃহস্পতিবার রংপুর নগরীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপির এক অংশ।
আজ (১৯ অক্টোবর) বুধবার সকাল ৯টায় শহরের গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেন রংপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে ১৬০টি মিথ্যা মামলা দেয়া হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করার পায়তারা চলছে। এ ছাড়াও রংপুরে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অনেকেই গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। সে কারণে বিএনপি নেতা সোহেলের মুক্তির দাবিতে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল আহ্বান করতে বাধ্য হয়েছি।
সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মিজু, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ফজুলর রহমান বাদল, বিএনপি নেতা এমদাদ, আনিছুর রহমান, শফি কামালসহ বিএনপির একাংশের নেতাকর্মীরা।
