খেলাধুলা : মুশফিকুর রহিমের সফল রিভিউয়ে দ্বিতীয় দিন প্রথম ঘণ্টা পার হওয়ার আগেই ২৯৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমে প্রথম বলেই ইংলিশ শিবিরে আঘাত হানেন তাইজুল ইসলাম। ৭৮ বলে ৩৬ রান করে ক্রিস ওকস বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে শর্ট লেগে মুমিনুল হককে ক্যাচ তুলে দেন। ইংলিশ শিবিরে ফের আঘাত হানেন তাইজুল ইসলাম ৫৪ বলে ২৬ রান করে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান আদিল রশিদ। এরপর টেস্ট খেলতে অভিসিক্ত টাইগার মিরাজ ফেরান স্টুয়ার্ট ব্রডকে। ৩৭ বলে ১৩ রান করে আউট হন স্টুয়ার্ট ব্রড। ১৯ বলে ১ রান করে গ্যারেথ বেটি অপরাজিত ছিলেন।
শুক্রবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে মাত্র ১৪তম ওভারে হাতে থাকা ৩ উইকেট হারায় ইংল্যান্ড।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ১০টায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দিন শেষে মঈন আলী ও জন ব্যারিস্টোর ব্যাটিংয়ে ৭ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে সফরকারী ইংল্যান্ড।
অপর দিকে, টেস্ট খেলতে নেমে ৭ম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেকে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন মিরাজ। তবে বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে অভিষেকেই ৫ উইকেট হলেও মিরাজ একটি জায়গায় থাকছেন সবার ওপরে। টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে ৫ উইকেট পাওয়া সবচেয়ে কম বয়সী বোলারই তিনি। টেস্ট ইতিহাসেই চতুর্থ।
