মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভার বিরোধীতা করে রাঙামাটি ও খাগড়াছড়ি আজ পাঁচ বাঙালী সংগঠনের ডাকা সড়ক অবরোধ দৃশ্যত: হরতাল আবহেই পালিত হচ্ছে পার্বত্য শহর রাঙামাটিতে।
সকাল থেকেই শহরে সব ধরণের যান চলাচল বন্ধ আছে। শহরের আভ্যন্তরীন ও দুরপাল্লার কোন যানবাহনই চলাচল করছেনা। শহরের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। তবে শহরের কোথাও পিকেটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়নি, অনেকটা স্বতস্ফূর্তভাবেই পালিত হচ্ছে কর্মসূচী।
এদিকে সড়ক অবরোধের মধ্যেই রাঙামাটি শহরের সার্কিট হাউজে শুরু হয়েছে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা। সভায় যোগ দিয়েছেন পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যান আনোয়ার উল হক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু,চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়সহ কমিশনের সদস্যরা। বৈঠকে কমিশনের ৯ সদস্যের মধ্যে ৮ জন উপস্থিত আছেন।
এই সভার বিরোধীতা করেই কর্মসূচী ঘোষণা করেছে পার্বত্য বাঙালী সংগঠনগুলো।
বাঙালীদের দাবি, এই কমিশনের দুইজন ছাড়া সকল সদস্য পাহাড়ী হওয়ায় তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন এবং পার্বত্য এলাকা থেকে বাঙালীদের উচ্ছেদ করার চক্রান্ত করা হচ্ছে।
