বেসরকারি শিক্ষক সমাবেশ জানুয়ারিতে

0

সিটিনিউজবিডি : সরকারি চাকুরেদের মতো বছর শেষে স্বয়ংক্রিয়ভাবে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবি জানিয়েছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বাংলাদেশে শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকরা রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি আদায়ে জানুয়ারিতে ঢাকায় জাতীয় শিক্ষক সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, অষ্টম বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতা পেলেও বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।

এই দ্বৈতনীতি ও বৈষম্যমূলক সিদ্ধান্ত শিক্ষক সমাজ মেনে নিতে পারে না।

২০১৫ সালের ২০ ডিসেম্বর জারি করা এক আদেশে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ‘অনুদান সহায়তা’ শব্দটি জুড়ে দিয়ে তাদের অপমান করা হয়েছে দাবি করে আবু বকর ওই আদেশ বাতিলের দাবি জানান।

এসব দাবি আদায়ে আগামী ২৭ নভেম্বর সকাল ১১টায় দেশের সব উপজেলা সদরে মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন শিক্ষকরা।

৮ জানুয়ারি সকাল ১১টায় জেলা সদরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে, ১০ থেকে ২০ জানুয়ারি বিভাগীয় শহরে সমাবেশ করে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পাঠাবেন শিক্ষকরা।

এছাড়া আগামী ২৫ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শিক্ষক সমাবেশ করে সেখান থেকে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন আবু বকর।

বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সহ-সভাপতি বজলুর রহমান মিয়া, রঞ্জিত কুমার সাহা, আলী আসগর হাওলাদার প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.