বিপিএল শুরু হচ্ছে ৮ নভেম্বর

0

খেলাধুলা : বৃষ্টির বিড়ম্বনায় পড়েছে বিপিএলের চতুর্থ আসর। নির্ধারিত ৪ নভেম্বর খেলা শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একটি বলও মাঠে গড়াতে পারেনি। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বিপিএলের কোন ম্যাচ হতে পারেনি।

বিপিএলের আগের সূচি অনুযায়ী ৪, ৫ এবং ৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা প্রথম রাউন্ডের ৬টি ম্যাচ। এরপর ৭ নভেম্বর বিরতি। কিন্তু আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ায় ৭ নভেম্বর পর্যন্ত আপাতত বিপিএল স্থগিত করা হয়েছে। ৮ নভেম্বর থেকে নতুন করে শুরু করা হবে বিপিএলের চতুর্থ আসর।

বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, বিপিএল গভর্নিং কাউন্সিল, ৭টি ফ্রাঞ্চাইজি প্রতিনিধি এবং সম্প্রচার সত্ত্ব লাভকারী প্রতিষ্ঠান চ্যানেল নাইনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

৪ নভেম্বর, শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল বিপিএলের। ম্যাচ শুরুর আগে টসও হয়েছিল। সেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী; কিন্তু আর খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। তার আগেই বৃষ্টির হানা। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল এবং পয়েন্ট ভাগাভাগি। একইভাবে বিকেলে ম্যাচ ছিল খুলনা টাইটান্স আর রংপুর রাইডার্সের। বৃষ্টির কারণে এই ম্যাচটিও বাতিল ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল।

বৃষ্টির কারণে উদ্বুত পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বৈঠকে বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। টানা তিনটি ম্যাচ বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিরও সম্মুখিন হচ্ছিল স্পন্সর প্রতিষ্ঠান, সম্প্রচার প্রতিষ্ঠানগুলো। অপর দিকে দর্শকরাও বঞ্চিত হচ্ছিল জমজমাট কয়েকটি ম্যাচ দেখা থেকে। সব দিক বিবেচনা করে, বিপিলের আজকের এবং আগামীকালের খেলা স্থগিত রাখারই সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবি, বিপিএল গর্ভর্নিং কাউন্সিল, ফ্রাঞ্চাইজি প্রতিনিধি, স্পন্সর এবং সম্প্রচার কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিযেই অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। সেখানেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে বিপিএল ৮ তারিখ থেকে নতুন করে শুরু করার।

বিপিএল গভর্নিং কাউন্সিল চাচ্ছে, ৮ নভেম্বর যেহেতু নতুন করে শুরু করা হবে, তাহলে ওইদিন উদ্বোধনী ম্যাচটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কুমিল্লাকে দিয়েই আয়োজন করার। তবে পুরনো সূচিতে ৮ তারিখ কুমিল্লার কোন খেলা নেই। সে হিসেবে কুমিল্লা যদি রাজি হয়, তাহলে আজ সন্ধ্যায় যে ঢাকা ডায়নামাইটস আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ ছিল, সে ম্যাচ দিয়েই নতুন করে বিপিএল শুরু করতে চায় কর্তৃপক্ষ। যদিও বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি।

এছাড়া ৪, ৫, ৬- এই তিনদিনের ৬টি ম্যাচকে বিপিএলের পুরনো সূচিতে যে বিরতি রয়েছে সেখানে ঢুকিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন মল্লিক। নতুন তৈরিকৃত সূচি খুব শিগগিরই জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.