তরুণদেরকে গণতন্ত্রে আগ্রহী করতে হবে

0

ঢাকা : তরুণরাই আগামীর ভবিষ্যৎ। জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী তরুণ সমাজকে গণতন্ত্র সম্পর্কে আগ্রহী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় বাংলাদেশ পার্লামেন্ট ও সিপিএ আয়োজিত ‘সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর একই মূল্যবোধ, সংসদীয় গণতন্ত্র, জেন্ডার সমতা ইত্যাদি বিষয়ে তরুণ সমাজকে অবহিতকরণ ও শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে ‘সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। এবছর মার্চ মাসে বাংলাদেশ থেকে এ কর্মসূচি শুরু হয় এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে বছরব্যাপী এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি ও সংসদ সদস্য পংকজ নাথ বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য মো. মাহবুব আলী, সাগুফতা ইয়াসমিন এবং উম্মে কুলসুম স্মৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও নটরডেম কলেজের ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষার্থীরা সংসদ সদস্যদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। পরে শিক্ষার্থীরা সংসদ ভবন ঘুরে দেখেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.