সিটিনিউজবিডি : মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকীতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে আগামী বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও বৃহস্পতিবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলে ভাসানীর মাজারে পুষ্পমাল্য অর্পণ করবে বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
এ বিষয়ে শামসুজ্জামান দুদু বলেন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজকে এমন সময়ে পালন করছি যখন দেশে গণতন্ত্র নেই, স্বাধীনতা বিপন্ন, সবদিকে সাংস্কৃতিক আগ্রাসনে ক্ষতবিক্ষত।
মৃত্যুবাষির্কীর কর্মসূচি পালন উপলক্ষে গঠিত কমিটির সদস্য সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে যৌথসভায় বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, আব্দুস সালাম আজাদ, এম এ মালেক, নুরুল ইসলাম নাসিম, তকদির হোসেন জসিম, মো. মুনির হোসেন, বেলাল আহমেদ, শায়লা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
