সিটিনিউজবিডি : নির্বাচনী কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে তাদের প্রশিক্ষণ কার্যক্রম ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
সোমবার আগারগাঁয়ে নতুন নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট (ইটিআই) ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনী প্রশিক্ষণ নতুন করে ঢেলে সাজাব, যাতে কার্যকর প্রশিক্ষণ দেওয়া যায়। এজন্য দেশের বিভিন্ন প্রশিক্ষণ ইন্সটিটিউটের সঙ্গে সমন্বয় রেখে বৈঠকও করা হবে।
প্রশিক্ষণ ইন্সটিটিউট তৈরি করে দক্ষ লোকবলও বিশ্বমানের করার তাগিদ দেন সিইসি।
অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, নিজেদের প্রস্তুত কর। আধুনিক প্রযুক্তির ব্যবহার, ইংরেজি ভাষায় দক্ষতা ও নির্বাচনী আইন-বিধি জেনে প্রশিক্ষণকে আরও এগিয়ে নিতে হবে।
নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ, পিএসসি চেয়ারম্যান সাবেক ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক, ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, প্রকল্প পরিচালক এসএম আশফাক হোসেন, এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৯৯৫ সাল থেকে বিভিন্ন ভাড়া ভবনে ইটিআইর কার্যক্রম চালত।
৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৪ তলা নতুন ভবনের আয়তন এক লাখ ২২ হাজার ৭৩৪ বর্গফুট। ভবনটিতে আবাসন, কনফারেন্স রুম, ওয়াইফাই ও ইন্টারনেট সুবিধাও থাকছে।
ইটিআই, এনআইডি উইংয়ের সার্ভিস আউটলেট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ও থাকবে এখানে।
শেরে বাংলানগরে পরিকল্পনা কমিশনের চত্বরে অবস্থিত নির্বাচন কমিশনও ৩১ ডিসেম্বরের মধ্যে আগারগাঁওয়ের ইলেকশন রিসোর্স সেন্টারে স্থানান্তর হবে।
