মেসির ম্যাজিকে আর্জেন্টিনার জয়

0

খেলাধুলা : আবারো মেসি ম্যাজিক! বাঁচা-মরার লড়াইয়ে কলম্বিয়াকে ৩-০ গোলেতে হারিয়েছে আর্জেন্টিনা। নিজে একটি গোল করার পাশাপাশি লুকাস প্রাতো আর ডি মারিয়াকে দিয়ে বাকি দু’টি গোল করিয়েছেন লিও মেসি। আর এর ফলে ২০১৮ বিশ্বকাপের রেসে টিকে রইলো মেসির আর্জেন্টিনা।

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে ল্যাটিন আমেরিকা অঞ্চলের খেলায় বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে আর্জেন্টিনা। ফলস্বরুপ ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন বার্সেলোনা তারকা মেসি। বল ধরে ক্ষিপ্রতায় প্রতিপক্ষের রক্ষণে এগিয়ে যাওয়ার সময় অবৈধ ট্যাকলের শিকার হন মেসি। সেটিই শেষ পর্যন্ত কলম্বিয়ার জন্য কাল হয়ে দাঁড়ায়। ২৫ গজ দূর থেকে নেয়া মেসির মাস্টার ক্লাস ফ্রি-কিক কলম্বিয়ার গোলরক্ষক ওসপিনাকে বোকা বানিয়ে জালে জড়িয়ে যায়। নানা সমালোচনার মুখে পাওয়া এই গোল যে কতটা গুরুত্বপূর্ণ তা মেসির বাঁধভাঙা উদযাপনেই বোঝা যায়।

ম্যাচের ২৩ মিনিটে মেসির ক্রসে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হিগুয়াইনের জায়গায় একাদশে সুযোগ পাওয়া লুকাস প্রাতো। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাউজার শিষ্যরা।

বিরতি থেকে ফিরে ৮৪ মিনিটে মেসির পাস থেকে ফাঁকা পোস্টে ডি মারিয়া বল ঠেলে দিলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাউজার শিষ্যরা। এ জয়ের ফলে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে আর্জেন্টিনা। তবে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে ব্রাজিল। এ অঞ্চল থেকে সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে অংশ নেবে শীর্ষ চারটি দল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.