সিটিনিউজবিডি : ধনেপাতা অনেকেরই খুব প্রিয়। স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় তরকারীতে। এজন্য বাজারে গেলেই কিছু না কিছু ধনেপাতা কেনা চাই। কিন্তু রমজান শুরুর পরে ধনেপাতা যেন উধাও হয়ে গেছে বাজার থেকে। যাও দুয়েকটা দোকানে পাওয়া যাচ্ছে, দাম একেবারেই আকাশ ছোঁয়া। তাই, ধনেপাতা না হলে যাদের ইফতার অপূর্ণ থেকে যায় তারা পড়েছে বিপাকে।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাজারগুলোতে আকাল দেখা গিয়েছে ধনেপাতার। এ কারণে দামও বেড়েছে কয়েকগুণ। পাইকারী বাজারে প্রতিকেজি ধনেপাতা বিক্রি হচ্ছে নয়শ টাকা থেকে সাড়ে নয়শ টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে আরেকধাপ লাফিয়ে উঠেছে দাম। প্রতি ৫০ গ্রাম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায় ( এ হিসেবে কেজি প্রতি দাম দাঁড়ায় ১০০০ থেকে ১২০০ টাকা)।
বিক্রেতারা জানান, রমজানে চাহিদা বেড়ে গেছে, তাই চড়া দামেই বিক্রি করতে হচ্ছে। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ পাওয়া যাচ্ছে না, বিধায় দাম বেড়েছে।
ক্রেতারা বলছেন, সারাবছরই ধনে পাতা বাজারে পাওয়া যায়। দাম কখনও বেশি, কখনও কম হয়। কিন্তু এক লাফে হাজার টাকা কেজি মানা যায় না।
