সিটিনিউজবিডি : মিয়ানমারে মুসলিম গণহত্যা চলছে অভিযোগ করে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি ছাত্রসেনা।
শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে। তবে পুলিশি বাধায় তাদের কর্মসূচি দ্রুত শেষ করতে হয়েছে।
জুমার নামাজ শেষ হওয়ার পরপরই তাদের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি পল্টনমোড় ঘুরে হাউজবিল্ডিংর সামনে এলে পুলিশ বাধা দেয়। শেষ পর্যন্ত সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে ছাত্রসেনার নেতারা বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর চরম নির্যাতন চালিয়ে চরম মানবাধিকার লংঘন করছে। গত কয়েকদিনে তাদের সেনাবাহিনী শত শত রোহিঙ্গা মুসলিমকে গুলি করে হত্যা করেছে। বর্বর বার্মিজদের কবল থেকে রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় বাংলাদেশসহ বিশ্ব মুসলিমকে পদক্ষেপ নিতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সংগঠনটির সভাপতি মুহাম্মদ রইস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি খাজা সাইফুল হক আখন্দ, ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাসউদ হোসাইন, ঢাকা মহানগর ইসলামি ফ্রন্টের শিল্প সম্পাদক তৈয়্যব আলী, আল্লামা ফারুকী স্মৃতি সংসদের আহ্বায়ক আনিসুর রহমান ইমরান হুসাইন তুষার, ঢাকা মহানগর উত্তর ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ শাহ জালাল, সাহাব উদ্দিন মীর, মোখলেছুর রহমান, নেয়ামুল ইসলাম, মরতুজা কামাল বাইজিদ প্রমুখ।
